দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও হাফিজ আহসান ফরিদসহ পুরো কমিশন পদত্যাগ করেছেন।মঙ্গলবার (৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন তারা। পদত্যাগপত্র জমা দিয়ে বের হয়ে যাওয়ার সময় কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজীর সঙ্গে কথা বলেন সাংবাদিকরা।
‘আজকে আপনারা কেন এসেছিলেন মন্ত্রিপরিষদে’- জানতে চাইলে আলি আকবার আজিজী বলেন, আমরা আজকে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দিতে এসেছিলাম।
‘কোনো চাপে কি পদত্যাগ করলেন’- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কোনো চাপে নয়, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় পুরো কমিশন পদত্যাগ করেছি।
জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমেনকে ২০২৪ সালের ১০ ডিসেম্বর দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় বিগত অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে দুজন কমিশনারও নিয়োগ পান তখন।